বাব আল-মান্দেব প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এতে দুই পাকিস্তানি ও এক ইন্দোনেশীয় নাগরিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল হাদাথ এ তথ্য জানিয়েছে।
বাব এল-মান্দেব প্রণালি ইয়েমেন ও আরব উপদ্বীপের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ একটি জলপথ। এটি লোহিত সাগরকে এডেন উপসাগর ও ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
পরে রয়টার্সও ইয়েমেনের কোস্টগার্ডের দুই কর্মকর্তা এবং সরকারের সামরিক বাহিনীর দুই কর্মকর্তার বরাত দিয়ে হামলার ঘটনা নিশ্চিত করেছে। তবে ওই তিন নাবিকের জাতীয়তা সম্পর্কে রয়টার্সের প্রতিবেদনে কিছু উল্লেখ করা হয়নি।
মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, ইয়েমেনের আল মোক্কার উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ অজ্ঞাত কোনো প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
এদিকে মঙ্গলবার ওমান উপসাগরেও একটি কনটেইনার জাহাজকে ঘিরে হামলার খবর পাওয়া গেছে। ইউকেএমটিও জানিয়েছে, সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনার বিষয়ে তারা একটি কনটেইনার জাহাজ থেকে রিপোর্ট পেয়েছে।
এর আগে জাহাজটিকে ট্যাংকার হিসেবে উল্লেখ করা হলেও পরে সেটিকে কনটেইনার জাহাজ হিসেবে সংশোধন করা হয়েছে।
সামুদ্রিক নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের উপকূলের কাছে জাহাজটি একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, পানামার পতাকাবাহী কনটেইনার জাহাজ ভেলা নোভামঙ্গলবার ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়ে থাকতে পারে।
জাহাজটি তখন পাকিস্তানের উপকূল থেকে প্রায় ৭১ নটিক্যাল মাইল দূরে ছিল বলে বৃটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ভ্যানগার্ড এবং একটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র পৃথকভাবে জানিয়েছে।
