খাগড়াছড়ির দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের মাদকবিরোধী তৎপরতায় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার আনুমানিক দুপুর বারোটার দিকে বোয়ালখলী চৌমুহনী এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উজ্জ্বল বড়ুয়া (৪৫) ও জসীম উদ্দীন (৩০)। গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালার রশিক নগরের হিল ভিডিপি কমান্ডার মোঃ আবদুল আজিজ, সদস্য সুলতান আহমেদ এবং জামির হোসেন অত্যন্ত সাহসিকতার সাথে এই অভিযানটি পরিচালনা করেন।
আটকের সময় তাদের কাছ থেকে ৩৯ পিস ইয়াবা এবং ৪টি পুঁটলিতে প্রায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তাকিমুল হকের প্রত্যক্ষ উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকসহ দুই আসামিকে দীঘিনালা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পার্বত্য অঞ্চলের তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক চোরাচালান রোধ ও সার্বিক নিরাপত্তা বিধানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর হিল ভিডিপি সদস্যরা অত্যন্ত প্রশংসনীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন। এই ঘটনা তারই ধারাবাহিকতা।
