ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে মঙ্গলবার (১১ আগস্ট) জরুরি অবতরণ করেছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বিজেপি এই নেতাকে বহনকারী হেলিকপ্টারটি পশ্চিমবঙ্গের কোলাঘাট এলাকায় নিরাপদে অবতরণ করানো হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইকে কর্মকর্তারা জানান, কলকাতার দমদম থেকে হেলিকপ্টারে কেশপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলট সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোলাঘাটের একটি খোলা মাঠে হেলিকপ্টারটি নামানোর সিদ্ধান্ত নেন।
খুদিরাম বসুর প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে কেশপুর যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। জরুরি অবতরণের পর তিনি সেখান থেকে বাঁকুড়ায় সড়কপথে যাবেন নাকি আবার আকাশপথে যাত্রা করবেন, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি।
এর আগে শুভেন্দুর হেলিকপ্টারে একটি কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র পিটিআইকে জানিয়েছে। তবে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার আগেই ত্রুটিটি দ্রুত মেরামত করা হয়।
এরপর একই হেলিকপ্টারে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে কেশপুরে কয়েক দফা বজ্রসহ বৃষ্টি হয়। এতে অনুষ্ঠানের জন্য তৈরি অস্থায়ী হেলিপ্যাডেও পানি জমে যায়। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার কারণে কেশপুরে হেলিকপ্টার অবতরণ নিরাপদ না হওয়ায় পাইলট কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেন। পরে মুখ্যমন্ত্রী গাড়িতে করে বাকি পথ পাড়ি দেন।
