দুই মাসেই বদলে গেলো সোমালি রেফারির জীবন

দুই মাসেই বদলে গেলো সোমালি রেফারির জীবন

ফন্ট সাইজ:

দুই মাস আগেও তাকে নিয়ে এত মাতামাতি ছিল না। কিন্তু বিশ্বকাপ ঘিরে একটি ঘটনা রাতারাতি বদলে দিয়েছে সোমালিয়ার রেফারি ওমর আরতানের জীবন। বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করতে না পারা ওমর এখন ইউরোপে—উয়েফা সুপার কাপের ফাইনালকে সামনে রেখে পা রেখেছেন অস্ট্রিয়ার সালজবুর্গে।
৩৪ বছর বয়সী ওমরকে চলতি বছরের মাঝামাঝি বিশ্বকাপের জন্য ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র।

মিয়ামিতে বিশ্বকাপের ম্যাচ কর্মকর্তাদের সঙ্গে যোগ দিতে গিয়ে মার্কিন সীমান্ত কর্তৃপক্ষের হাতে আটকা পড়েন তিনি, এবং শেষ পর্যন্ত তাকে দেশে ফিরে যেতে হয়। যুক্তরাষ্ট্রের সীমান্ত ও শুল্ক বিভাগ এ সিদ্ধান্তের পেছনে ‘যাচাই-সংক্রান্ত উদ্বেগ’-এর কথা বললেও ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় ওঠে। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকেও এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল, যদিও তিনি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে সমালোচকদের শান্ত থাকার পরামর্শ দিয়েছিলেন। ঘটনার পর নিজের হতাশার কথা লুকাননি ওমর। উয়েফাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটা সময়। বহু বছর ধরে পরিশ্রম করে কোনো লক্ষ্যের কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে তা হাতছাড়া হওয়াটা যেকোনো পেশাদারের জন্যই মেনে নেয়া কঠিন।’ বিশ্বকাপের সুযোগ মিস করলেও ওমরের জন্য খুলে যায় নতুন দরজা। আফ্রিকান ফুটবল কনফেডারেশন (সিএএফ)-এর সঙ্গে আলোচনার পর উয়েফা জানায়, এবারের সুপার কাপ ফাইনাল পরিচালনার সুযোগ দেয়া হবে তাকে। উয়েফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন এক বিবৃতিতে বলেন, ‘আরতান আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করা তরুণ কিন্তু অভিজ্ঞ একজন রেফারি।’

আফ্রিকান চ্যাম্পিয়নস লীগ ফাইনাল পরিচালনা করা প্রথম সোমালি রেফারি তিনি। ২০২৫ সালের বর্ষসেরা আফ্রিকান রেফারি নির্বাচিত হওয়ার পর ২০২৬ বিশ্বকাপে সুযোগ পাওয়া; সব মিলিয়ে সময়টা দারুণ কাটছিল ওমরের। মাঝে বিশ্বকাপে না যেতে পারার সেই ধাক্কাটা আসে। তবে এবার ইতিহাসের প্রথম নন-ইউরোপীয়ান রেফারি হিসেবে সুপার কাপ ফাইনাল পরিচালনা করতে অস্ট্রিয়ায় এসেছেন তিনি। সিএএফ সভাপতি প্যাট্রিস মোতসেপে এই নিয়োগকে আফ্রিকান রেফারিদের জন্য বড় সম্মান বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এটি ফুটবলের মানুষকে একত্র করার এক চমৎকার দৃষ্টান্ত।’ নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ওমর বলেন, ‘এটাই হবে ইউরোপে আমার প্রথম ম্যাচ।’

বুধবার সালজবুর্গের রেড বুল অ্যারেনায় সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজি ও ইউরোপা লিগজয়ী অ্যাস্টন ভিলা। সেই ম্যাচেই সম্পূর্ণ আফ্রিকান রেফারিং দলের নেতৃত্ব দিয়ে নতুন ইতিহাস গড়বেন সোমালিয়ার ওমর আরতান।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন