‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ উর রহমান

‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই: ডা. জাহেদ উর রহমান

ফন্ট সাইজ:

ভারতের ‘র’ প্রধানের বাংলাদেশ সফর নিয়ে জল্পনার কিছু নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছেন। এটা তার এক ধরনের সফর। আমাদের যে কাউন্টার পার্ট আছে তার সঙ্গে বসেন। এটা নিয়ে মনে হয় স্পেকুলেশনের (জল্পনা) কিছু নেই । পরবর্তীতে সরকারের দিক থেকে হয়ত কোনো স্টেটমেন্ট দেয়া হবে।’

হঠাৎ করে ‘র’ প্রধানের সফর কেন—এমন প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘এটা কোনো ব্যাপার না। আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন। তিনিও সফর করেছেন। আমি একটা বিষয় পরিষ্কার করতে চাই—ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী তার বক্তব্যে এই কথাটা বলেছেন, যে কথাটা আমরা সবসময় বলি—প্রতিবেশী আসলে পাল্টানো যাবে না। পররাষ্ট্রনীতিতে বলা হয়, বন্ধু পাল্টানো যায়, কিন্তু প্রতিবেশী পাল্টানো যায় না।’

উল্লেখ্য, এর আগে গতকাল ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈন ঢাকা সফর করে গেছেন। সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলামের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গেও।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় আসে। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে তারা সরকারি সফরে বাংলাদেশে আসেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী।
পরাগ জৈন ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অংশ হিসেবে এই সফর বলে ওই সূত্র জানিয়েছে। সফর শেষে সোমবারই প্রতিনিধি দলটি ঢাকা ত্যাগ করে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন