বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের গ্রুপ পর্বের শেষ দিনটি ছিল রোমাঞ্চ আর নাটকীয়তায় ভরপুর। গতকাল রাজশাহীতে জিসান আলমের সেঞ্চুরি ও মোসাদ্দেক হোসেন সৈকতের ঝোড়ো ব্যাটে নর্থ জোনকে হারায় সেন্ট্রাল জোন। বগুড়ায় ৯ উইকেট হারিয়ে খাদের কিনার থেকে অবিশ্বাস্য এক জয় তুলে নেয় ইস্ট জোন। গ্রুপ পর্ব শেষে টেবিলের শীর্ষে থাকা নর্থ জোন ও দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল জোন আগামী ৩রা মার্চ মিরপুরে শিরোপার লড়াইয়ে নামবে। রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়ে নর্থ জোন। ওপেনার তানজিদ হাসান তামিমের ৯২ এবং তাওহীদ হৃদয়ের ১০২ রানের ইনিংসে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২২ রান তোলে তারা। সেন্ট্রাল জোনের পেসার আবু হায়দার রনি ৫৯ রানে ৪ উইকেট শিকার করেন। এ ছাড়া রিপন মণ্ডল দুই ও তাসকিন আহমেদ একটি উইকেট পান। ৩২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে সেন্ট্রাল জোনের ঝোড়ো শুরু পায়। ওপেনার জিসান আলম ৯৩ বলে ১২৭ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৩ চার ও ১১ ছক্কার মার। অন্য প্রান্তে নাঈম শেখ (১০) ও সাইফ হাসান (১৪) দ্রুত ফিরলেও মাহফিজুল ইসলাম রবিন ৫৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তবুও ম্যাচটি নর্থ জোনের দিকে হেলে পড়ে। তবে ব্যাটিংয়ে এসে মোমেন্টাম পরিবর্তন করে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৬ বলে ৫৪ রানের অপরাজিত এক ‘ক্যামিও’ খেলে ৪ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন। ৮ উইকেট হারিয়ে ৩২৫ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করে ফাইনালে ওঠে সেন্ট্রাল জোন।
রোমাঞ্চকর জয় ইস্ট জোনের
দিনের অন্য ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে মুখোমুখি হয় সাউথ জোন ও ইস্ট জোন। আগে ব্যাটিং করতে নেমে ৪৩.২ ওভারে ১৮০ রানে অলআউট হয় সাউথ জোন। আনিসুল ইসলাম ইমন সর্বোচ্চ ৫০ রান করেন। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ২৪ রান। আটে নামা রবিউল হক করেন ৩১ রান। তবে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৫ রানের বেশি করতে পারেননি। ইস্ট জোনের নাঈম হাসান ২৪ রানে ৩ উইকেট নেন। পেসার হাসান মাহমুদও সমান সংখ্যক উইকেট পান।
১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ইস্ট জোন। সৌম্য সরকারের বিধ্বংসী বোলিংয়ে ১৪১ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। দশম উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন দুই বোলার হাসান মাহমুদ ও মুশফিক হাসান। হাসান ৪৫ বলে ৩৫ রান এবং মুশফিক ৩৫ বলে ৪ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। ১৫ বল বাকি থাকতেই ১ উইকেটের রূদ্ধশ্বাস জয় পায় ইস্ট জোন।
গ্রুপ পর্ব শেষে ৩ ম্যাচে ২ জয় নিয়ে শীর্ষে নর্থ জোন। সমান ম্যাচে ২ জয় নিয়ে দ্বিতীয় স্থানে সেন্ট্রাল জোন। একটি করে জয় আছে ইস্ট ও সাউথ জোনের। নিয়ম অনুযায়ী টেবিলের শীর্ষ দুই দল আগামী মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে।
ফাইনালে সেন্ট্রাল-নর্থের লড়াই
হৃদয়ের সেঞ্চুরি ছাপিয়ে জিসান-সৈকতের ঝড়
স্পোর্টস রিপোর্টার
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
