দেশের ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান সফল তারকাদের অবদানকে স্বীকৃতি দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে ‘আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টি’। প্রয়াত আরাফাত রহমান কোকোর ক্রীড়াপ্রেম ও স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সাতটি ভিন্ন ডিসিপ্লিনের ৯ জন কৃতী ক্রীড়াবিদকে প্রদান করা হচ্ছে এ অ্যাওয়ার্ড। আজ রাজধানীর লে মেরিডিয়ান হোটেলের গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা তুলে দেয়া হবে। ট্রাস্টের একটি সূত্র নিশ্চিত করেছে, ফুটবলে অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার ও বর্তমান সফল কোচ আলফাজ আহমেদ। খেলোয়াড় হিসেবে তিনটি আন্তর্জাতিক শিরোপাজয়ী আলফাজ বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডাগআউটেও সফল। ক্রিকেট থেকে এই পুরস্কারের জন্য
মনোনীত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের ক্রিকেটের শুরুর দিককার কাণ্ডারি হাবিবুল বাশার সুমন। তার সঙ্গে নারী ক্রিকেট থেকে মনোনীত হয়েছেন উদীয়মান পেসার মারুফা আক্তার। লড়াই করে উঠে আসা মারুফা বর্তমানে নারী ক্রিকেট দলের অন্যতম প্রধান শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। হকিতে ইতিহাস গড়া পারফরম্যান্সের জন্য পুরস্কার পাচ্ছেন আমিরুল ইসলাম। গত যুব হকি বিশ্বকাপে ১৮ গোল করে বিশ্বরেকর্ড গড়া এই তরুণ তুর্কি চ্যালেঞ্জার ট্রফি জয়ে মুখ্য ভূমিকা রাখেন। এছাড়া টেবিল টেনিসের ফেডারেশন কাপ জয়ী খৈ খৈ মারমা, ব্যাডমিন্টনের আল আমিন জুমার এবং আর্চারির সাগর ইসলামও পাচ্ছেন এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড। বিশেষ অলিম্পিক এবং কারাতে ইভেন্ট থেকেও সেরাদের পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। দুপুর আড়াইটায় আমন্ত্রিত অতিথিদের জন্য অনুষ্ঠানস্থলের দ্বার উন্মুক্ত করা হবে।
মূল পর্ব শুরু হবে বিকেল ৩টায় এবং ৪টা থেকে শুরু হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটবে সন্ধ্যা ৬টায় দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে। আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট জানিয়েছে, ক্রীড়াবিদদের উৎসাহিত করতে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান আগামীতেও নিয়মিতভাবে আয়োজন করা হবে।
কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড পাচ্ছেন আলফাজ বাশার-মারুফারা
স্পোর্টস রিপোর্টার
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
