ছেলেকে খুঁজতে এসে বাবাকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ মা

ছেলেকে খুঁজতে এসে বাবাকে লক্ষ্য করে গুলি গুলিবিদ্ধ মা

ফন্ট সাইজ:

খুলনা নগরের করিমনগর এলাকায় মুঠোফোন ব্যবসায়ী মুকুলের বাসায় তার ছেলেকে খুঁজতে এসে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মুকুলকে লক্ষ্য করে ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার স্ত্রী শিমুল বেগমের শরীরে লাগে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গুলিবিদ্ধ শিমুল বেগমের বয়স ৪০ বছর। তিনি করিমনগর এলাকার বাসিন্দা। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করিমনগর এলাকার একটি বাড়ির তৃতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন মুকুল। সোমবার সকালে দু’টি মোটরসাইকেলে করে পাঁচ ব্যক্তি ওই বাড়িতে আসেন। নিচতলার ফটক দিয়ে ভেতরে প্রবেশ করে তারা সরাসরি তৃতীয় তলায় যান এবং মুকুলের কলেজপড়ুয়া ছেলের খোঁজ করেন। মুকুল তাদের কাছে তার ছেলেকে খোঁজার কারণ জানতে চান। তিনি জানান, তার ছেলে বাড়িতে নেই। একপর্যায়ে তাদের সঙ্গে মুকুলের ধস্তাধস্তি শুরু হয়। এ সময় তাদের একজন মুকুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে মুকুলের স্ত্রী শিমুল বেগমের কোমরের পেছনের ডান পাশে বিদ্ধ হয়।

ঘটনার পর দ্রুত শিমুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়। হামলার সঙ্গে কারা জড়িত এবং কী কারণে মুকুলের ছেলেকে খুঁজতে এসে গুলি চালানো হয়েছেÑ তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির জানান, হামলার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে এবং সেগুলো যাচাই-বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন