‘অজেয়’ আর্সেনালের বিপক্ষে প্রতিশোধের অপেক্ষায় চেলসি

‘অজেয়’ আর্সেনালের বিপক্ষে প্রতিশোধের অপেক্ষায় চেলসি

ফন্ট সাইজ:

দেড় মাসের মধ্যে তৃতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে আর্সেনাল ও চেলসি। ইংলিশ ফুটবল লীগ কাপ বা কারাবাও কাপের সেমিফাইনাল থেকে ব্লুদের ছিটকে দেয়া গানাররা আজ ঘরের মাঠে আতিথেয়তা জানাবে তাদের। তাই ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচটি চেলসির জন্য প্রতিশোধের। অন্যদিকে, ব্লুদের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ বারের সাক্ষাতে অপরাজিত মিকেল আর্তেতার শিষ্যরা। সেই দুর্গম পথ পাড়ি দিতে রাত সাড়ে ১০টায় এমিরেটস স্টেডিয়ামে নামবে লিয়াম রোজেনিয়রের শিষ্যরা। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ইতিমধ্যে দু’বার মুখোমুখি হওয়া আর্সেনাল ও চেলসি চলতি মৌসুমে একে অপরের বিপক্ষে খেলবে চতুর্থবারের মতো। কারাবাও কাপের সেমিতে গানারদের কাছে দুই লেগেই হারায় প্রতিশোধ নিতে মরিয়া ব্লুরা। প্রথম লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হারের পর আর্সেনালের মাঠেও ১-০ গোলে হারে চেলসি। রোজেনিয়রের ১২ ম্যাচের দায়িত্বকালে দলের একমাত্র পরাজয় আসে এই আর্সেনালের বিপক্ষেই। তাই প্রতিশোধ নিতে হলে সামপ্রতিক পরিসংখ্যান নতুন করে লিখতে হবে লন্ডনের ক্লাবটির। তবে এমিরেটস স্টেডিয়ামে সামপ্রতিক সফরগুলো ব্লুদের জন্য সুখকর হয়নি। শেষ ৯ ম্যাচের ৭টিতেই পয়েন্ট ছাড়া ফিরতে হয় তাদের, যার মধ্যে টানা ৪টিই পরাজয়।
গত ৩ ফেব্রুয়ারি শেষ এমিরেটস সফরের পর থেকে টানা ৪ ম্যাচে অপরাজিত থাকলেও, শেষ ৩ লীগ ম্যাচে স্রেফ ৫ পয়েন্ট পাওয়ায় সন্তুষ্ট নন রোজেনিয়র। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজকের ম্যাচের স্বাগতিকদের সমীহ করেই তিনি বলেন, ‘ছেলেদের শারীরিক ও মানসিকভাবে সতেজ রাখতে চাই। এই ক্লাবের জায়গা চ্যাম্পিয়ন্স লীগে। আমরা এখন সেই দৌড়ে আছি। আর্সেনাল অত্যন্ত সংগঠিত ও শক্তিশালী দল। তবে তাদের দুর্বলতা খুঁজে বের করাই আমাদের কাজ।’ অন্যদিকে, সামপ্রতিক পরিসংখ্যান নিজেদের পক্ষে থাকলেও, সেদিকে একদমই ভ্রূক্ষেপ করতে চান না আর্সেনাল বস। আর্তেতা বলেন, ‘ম্যাচের গুরুত্ব আমরা জানি। সামনে কী ধরনের দল থাকবে তাও জানি। জেতার অধিকার অর্জন করতে আমাদের সেরা প্রস্তুতিই নিতে হবে। দুই সপ্তাহ বা দুই বছর আগে কী হয়েছে, সেটি এখন আর প্রাসঙ্গিক নয়। প্রতিটি ম্যাচের প্রেক্ষাপট আলাদা।’ এক সপ্তাহ আগে লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে খেলেননি আর্সেনাল ডিফেন্ডার বেন হোয়াইট। পেশির চোটের কারণে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচেও অনিশ্চিত তিনি। উরুর সমস্যায় শেষ তিন ম্যাচে অনুপস্থিত দলের আরেক তারকা কাই হাভার্টজ। পায়ের চোটে এখনও মাঠের বাইরে মিকেল মেরিনো। এদিকে, বার্নলির বিপক্ষে লাল কার্ড দেখে আজকের ম্যাচে নিষিদ্ধ চেলসি ডিফেন্ডার ওয়েসলি ফোফানা। হ্যামস্ট্রিং সমস্যায় বাইরে থাকবেন এস্তেভাও, মার্ক কুকুরেয়া ও জেমি গিটেনস। গোলকিপার ফিলিপ জর্গেনসেনও চোটের থাবায় অনুপস্থিত। দীর্ঘমেয়াদি চোটে তো পুরো মৌসুমেই খেলতে পারেননি লেভি কোলউইল। তবে রোমিও লাভিয়া ও দারিও এসুগো ফিটনেস ফিরে পাচ্ছেন দ্রুতই। শুধু প্রিমিয়ার লীগেই আর্সেনালের বিরুদ্ধে শেষ ৮ ম্যাচে জয়হীন ব্লুরা। ১৯৯৫ থেকে ২০০৫-এর মধ্যে ১৯ ম্যাচের বাজে অবস্থার পর এটিই তাদের দীর্ঘতম। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের মাঠে ২১ ম্যাচে আর্সেনালের জয় ১৭ ম্যাচেই, গোলসংখ্যা ৫১টি, হজম স্রেফ ১২টি। ২০১৯-এর ডিসেম্বরে গানারদের দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় ম্যাচেই চেলসির কাছে ২-১ গোলে হার দেখেন আর্তেতা। এরপর থেকে ১৫ ম্যাচে তাদের হার স্রেফ ১ ম্যাচে (১০ জয়, ৪ ড্র)। চলতি মৌসুমে ২৭ ম্যাচে ৪৫ পয়েন্টে টেবিলের পাঁচে থাকা চেলসি শিরোপার দৌড় থেকে পিছিয়ে গেছে আগেই। এক ম্যাচ বেশি খেলে ৬১ পয়েন্ট নিয়ে চূড়ায় থাকা আর্সেনালের প্রিমিয়ার লীগ দৌড় অব্যহত রাখতে এ ম্যাচে জয়ই একমাত্র বিকল্প।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন