ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ২০০৫ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময়ে প্রতিষ্ঠিত হয়। এনটিআরসিএ’র কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও সুন্দরভাবে কীভাবে পরিচালনা করা যায়, সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পর্যালোচনা অব্যাহত রেখেছে। ম্যানেজিং কমিটি/গভর্নিং বডি কর্তৃক শিক্ষক নিয়োগ প্রদান সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি।
এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বাতিল করা হচ্ছেÑ এমন আলোচনার মধ্যেই মন্ত্রণালয় এই বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে। সূত্র জানায়, গত ৩রা আগস্ট সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র বৈঠকে এনটিআরসিএ’র মাধ্যমে শিক্ষক নিয়োগের নিয়ম থেকে সরে আসার বিষয়ে আলোচনা হয়। এরপর থেকেই ব্যাপক সমালোচনা শুরু হয়। এই সিদ্ধান্ত কার্যকর হলে শিক্ষক নিয়োগে ঘুষ, দুর্নীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করেন অনেকে। সেইসঙ্গে এই সিদ্ধান্ত না নেয়ার দাবিতে কর্মসূচি দেয়ার কথাও বলেন কেউ কেউ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয় এমন কোনো সিদ্ধান্ত নেয়া হচ্ছে না বলে জানিয়েছে।
