আটক বিএনপি নেতা বহিষ্কার

সিআইডি পুলিশকে চড়

আটক বিএনপি নেতা বহিষ্কার

ফন্ট সাইজ:

দিনাজপুর কোতোয়ালি থানায় ওসি’র রুমে মামলার তদন্ত কাজে যাওয়া দিনাজপুর সিআইডি পুলিশের ইন্সপেক্টরকে চড় মারলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব। এ ঘটনায় মজিবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান বাদী হয়ে মুজিবুর রহমান মজিবসহ অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা করেছেন।

এদিকে কৃষকদল থেকে প্রাথমিক সদস্য পদ বাতিলসহ তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার মধ্যরাতে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি’র রুমে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান একটি হত্যা মামলার তদন্ত কাজে কোতোয়ালি থানায় ওসি’র রুমে সাদা পোশাকে বসে ছিলেন। রাতে জেলা কৃষকদলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিব ও তার সঙ্গীরা থানায় যান। এ সময় ওসি তার চেয়ারে না থাকায় মুজিবুর রহমান মজিব ওসি কোথায় জানতে চান। তখন সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমান ও কৃষকদলের সদস্য সচিব মুজিবুর রহমানের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে মুজিবুর রহমান ইন্সপেক্টর নওবুর রহমানের গালে চড় মারেন। এ ঘটনায় থানায় ডিউটিরত পুলিশ সদস্যরা মজিবকে আটক করে।

এ বিষয়ে জানতে চাইলে দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. নূরনবী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মামলার তদন্তে আসা সিআইডি পুলিশের ইন্সপেক্টরের গায়ে হাত দেয়ার অভিযোগে কৃষকদলের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবসহ তার সঙ্গে আসা অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে সিআইডি পুলিশের ইন্সপেক্টর নওবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে এ ঘটনায় সোমবার জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের অনুমোদনক্রমে দিনাজপুর জেলা সংসদের সদস্য সচিব মুজিবুর রহমান মজিবকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার সঙ্গে দলীয় নেতা-কর্মীদের কোনোরূপ যোগাযোগ না রাখার জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন