সংসারের অভাবের কারণে কৈশোরেই বই-খাতা ছেড়ে কাজে নেমেছিলেন আলী আকবর আজম। এরপর বিয়ে, সংসার ও সন্তানদের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে নিজের পড়াশোনার স্বপ্ন চাপা পড়ে যায়। তবে সেই স্বপ্ন হারিয়ে যায়নি। দীর্ঘ কয়েক দশক পর ৫৪ বছর বয়সে আবার পড়াশোনা শুরু করে এবার এসএসসি পাস করেছেন নাটোরের বাগাতিপাড়ার আলী আকবর। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৩৫ পেয়েছেন তিনি। আলী আকবর বাগাতিপাড়া পৌরসভার পেড়াবাড়িয়া মহল্লার মোল্লা শেখ খোকার ছেলে। তার ডাকনাম আলী আজম। রাজশাহীতে চাকরির সুবাদে নওহাটা সাইন্স অ্যান্ড টেকনোলজি হাইস্কুলের কারিগরি শাখা থেকে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নেন।
আলী আকবর বলেন, কয়েক ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়। পরিবারের অভাবের কারণে বাবার সঙ্গে সংসারের হাল ধরতে গিয়ে পড়াশোনা ছেড়ে দেন। পরে বিয়ে হলে এক ছেলে ও এক মেয়ে হয়। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে গিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মচারী হিসেবে চাকরিতে যোগ দেন। স্বামী-স্ত্রীর উপার্জনে সংসার চালানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনা করান। তার বড় মেয়ে নার্স এবং ছেলে ইসমাইল হোসেন বর্তমানে সরকারি চিকিৎসক হিসেবে কর্মরত। সন্তানদের প্রতিষ্ঠিত ও বিয়ে দেওয়ার পর নিজের অপূর্ণ ইচ্ছা পূরণে আবার পড়াশোনা শুরু করেন।
তিনি বলেন, ‘পড়াশোনার কোনো বয়স নেই। মনোবল ও মনোযোগ থাকলে যেকোনো বয়সেই সফল হওয়া সম্ভব।’ ইসমাইল হোসেন বলেন, বাবার পড়াশোনার খুব ইচ্ছা ছিল। সন্তানদের প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছিলেন। তাই বাবাকে স্কুলে ভর্তি করানো হয়। এবার তাকে উচ্চমাধ্যমিকে ভর্তি করানোর পরিকল্পনা রয়েছে। ৫৪ বছর বয়সে আলী আকবরের এই সাফল্য প্রমাণ করলোÑস্বপ্ন পূরণে বয়স নয়, প্রয়োজন ইচ্ছা, অধ্যবসায় ও মনোবল।
