রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে দালাল চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে র্যাব। পরে র্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দালাল চক্রের দুই সদস্যকে ১৫ দিন করে, দুজনকে ১০ দিন এবং একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
সোমবার সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক মেজর এম মুবীন রহমান তাপস বলেন, সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি টাকার বিনিময়ে অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীরা তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।
এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি উপদ্রব চালাতে থাকে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, এসব বিষয়ে বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে দালালদের উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। এসব সতর্কীকরণ পদক্ষেপ নেয়ার পরেও দালাল চক্রের উপদ্রবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র্যাব-২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, আজ সকালে র্যাব-২ এর আভিযানিক দল ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের পরিচালনায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের মোট ৫ জন সদস্যকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন।
