পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ যাবে ‘অভিযাত্রী’ কমিউটার

পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জ যাবে ‘অভিযাত্রী’ কমিউটার

ফন্ট সাইজ:

দেশের রেলবহরে ‘অভিযাত্রী কমিউটার’ নামে একজোড়া নতুন ট্রেন যুক্ত হলো। পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চলাচল করবে এই ট্রেন। গতকাল সোমবার রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম কমলাপুর রেলওয়ে স্টেশনে এই ট্রেন উদ্বোধন করেন। ১৩৫ নম্বর অভিযাত্রী কমিউটার ট্রেনটি ঢাকা থেকে ০৩:৩০টায় গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে, গোপালগঞ্জে পৌঁছাবে সন্ধ্যা ০৬:৪৫ মিনিটে এবং ১৩৬ নম্বর অভিযাত্রী কমিউটার গোপালগঞ্জ থেকে ০৭:১৫ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ১০:২৫ মিনিটে।

রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ট্রেনটির কোচ সংখ্যা ৮টি, আসন সংখ্যা মোট ৬৩০টি। ঢাকা-গোপালগঞ্জ ১৪৮ কিলোমিটার দৈর্ঘ্যের এই রুটে মোট যাত্রাবিরতি থাকবে ৭টি স্টেশনে। ঢাকা ও গোপালগঞ্জের মাঝে যাত্রাবিরতি স্টেশনসমূহ হলো- কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, ভাঙ্গা জংশন, নগরকান্দা, মহেশপুর ও কাশিয়ানী জংশন। প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে এই ট্রেনের যাত্রা।

এই ট্রেনের মাধ্যমে গোপালগঞ্জ ও মধ্যবর্তী এলাকার চাকরিজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ যাত্রীরা প্রতিদিন স্বল্প ব্যয়ে ঢাকায় যাতায়াত করতে পারবেন এবং কর্মদিবস শেষে নিজ নিজ এলাকায় ফিরে যেতে পারবেন। একই সঙ্গে গোপালগঞ্জ ও আশপাশের এলাকার শাকসবজি, কৃষিপণ্য, মাছ এবং অন্যান্য স্থানীয় উৎপাদিত পণ্য দ্রুত ও তুলনামূলক কম ব্যয়ে ঢাকার বাজারে পরিবহনের সুযোগ সৃষ্টি হবে।

রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। ট্রেনটির প্রথম যাত্রায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী যাত্রীদের সঙ্গে ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন