কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, সোমবার (১০ আগস্ট) আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার এলাকায়। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ৮২ কিলোমিটার গভীরে।
গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভুমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছে। দেশটির কর্তৃপক্ষ নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। সেই সঙ্গে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি বলছে, ভূমিকম্পে দেশটির বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রয়টার্সের বরাত দিয়ে জানা গেছে, কালী শহরে অন্তত ২০টি ভবন ধসে পড়েছে। এসব ভবনের ভেতরে কয়েকজন মানুষ আটকা পড়েছেন বলে জানিয়েছেন শহরটির মেয়র আলেহান্দ্রো এদের।
এদিকে কুইবদো ও পেরেইরা শহরেও বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় হতাহত এবং গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুইবদো শহরে একটি চারতলা ভবন ধসে পড়ার পর চারজন মানুষ আটকা পড়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্স বলছে, শক্তিশালী ভূমিকম্পটির কম্পন কলম্বিয়ার বিভিন্ন শহরে অনুভূত হয়েছে। এমনকি প্রতিবেশী ভেনেজুয়েলাতেও কম্পন অনুভূত হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ক্ষতিগ্রস্ত ও ধসে পড়া ভবনের ছবি দেখা গেছে। এর মধ্যে মানিজালেস শহরের একটি ক্যাথেড্রালও রয়েছে, যেটি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সম্ভাব্য আফটারশক এবং ভবন ধসের ঝুঁকি মূল্যায়নে দেশটির বিভিন্ন শহরের লোকজনকে ভবন থেকে সরিয়ে নেয়া হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে।
ভূমিকম্পের পর দেশটির ছয়টি বিমানবন্দরের কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
ভূমিকম্পের মাত্র কয়েক দিন আগে দায়িত্ব নেয়া কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে জরুরি পরিস্থিতি মোকাবিলার দায়িত্ব নিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ক্ষয়ক্ষতির মোকাবিলা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম সমন্বয়ের জন্য তিনি একটি ইউনিফায়েড কমান্ড পোস্ট গঠনের নির্দেশ দিয়েছেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং সরকারের ত্রাণ ও উদ্ধার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করতে তিনি পেরেইরা শহরেও যাবেন।
প্রেসিডেন্ট বলেন, আপনারা একা নন। সরকার এখানে আছে এবং ব্যবস্থা নিচ্ছে।
