দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবারের (১০ আগস্ট) শক্তিশালী এই ভূমিকম্পে কলম্বিয়ার পাশাপাশি প্রতিবেশী ইকুয়েডরেও কম্পন অনুভূত হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এবং কলম্বিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চোকো অঞ্চলের সান হোসে দেল পালমার পৌরসভায়।
এলাকাটি রাজধানী বোগোতা থেকে প্রায় ২৫০ মাইল (৪০০ কিলোমিটার) পশ্চিমে অবস্থিত। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠের প্রায় ৬৬ মাইল (১০৭ কিলোমিটার) গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
শক্তিশালী এই ভূমিকম্পের ফলে দেশটির অনেকে আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে।
চোকো অঞ্চলের গভর্নর নুবিয়া কর্দোবা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, আঞ্চলিক রাজধানীতে “আহত ও ভবনের গুরুতর ক্ষয়ক্ষতির” খবর পাওয়া গেছে। তবে তিনি হতাহত ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানাননি।
কলম্বিয়ায় এই ভূমিকম্পের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন গত জুনের শেষ দিকে প্রতিবেশী ভেনেজুয়েলায় পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ওই দুই ভূমিকম্পে শত শত ভবন ধ্বংস এবং ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।
