আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শুরু করলো দ্বিভাষিক অনলাইন সাহিত্যপত্র ‘চিন্তন’

আন্তর্জাতিক পরিমণ্ডলে যাত্রা শুরু করলো দ্বিভাষিক অনলাইন সাহিত্যপত্র ‘চিন্তন’

ফন্ট সাইজ:

বাংলাদেশের সাহিত্যাঙ্গনে ছুটির দিন শুক্রবার এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যাত্রা শুরু হলো সাহিত্য পত্রিকা ‘চিন্তন’ (CHINTON)-এর। বাংলা ও ইংরেজি দু’ভাষাতেই প্রকাশিত হবে চিন্তন। ভাষা ও সংস্কৃতির সীমানা অতিক্রম করে সাহিত্যিক সংলাপ প্রতিষ্ঠার লক্ষ্যে এর যাত্রা। ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের একটি রেস্তরাঁয় এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক, অনুবাদক ও প্রফেসর ইমেরিটাস অধ্যাপক ড. ফকরুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিন্তন সম্পাদক তাসনীম হোসাইন।

চিন্তনের ওয়েবসাইটের শুভ উদ্বোধন ঘোষণা করে প্রধান অতিথি ড. ফকরুল আলম এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি চিন্তনকে একটি অগ্রণী দ্বিভাষিক অনলাইন সাহিত্যপত্র হিসেবে উল্লেখ করেন, যা সাহিত্য ও সংস্কৃতির বিনিময়ের জন্য একটি অনন্য পরিসর সৃষ্টি করার সম্ভাবনা রাখে। বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখক ও পাঠকের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে চিন্তন-এর নিবেদিত সম্পাদকীয় দল সমকালীন সাহিত্যে দীর্ঘস্থায়ী অবদান রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্বাগত বক্তব্যে তাসনীম হোসাইন নতুন এই সাহিত্য পত্রিকার লক্ষ্য ও দর্শন তুলে ধরে বলেন, সাহিত্য ভৌগোলিক ও ভাষাগত সীমারেখা অতিক্রম করে ভাবনা, সৃজনশীলতা এবং অভিন্ন মানবিক অভিজ্ঞতার মধ্যদিয়ে মানুষকে সংযুক্ত করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিষ্ঠিত ও নবীন লেখকদের জন্য একটি আন্তর্জাতিক সাহিত্যিক মিলনমঞ্চ হয়ে উঠবে চিন্তন। “why Literature Still Matters in this Digwhy Literature Still Matters in this Digital Eraital Era ” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাকাদ আহমেদ চৌধুরী। তিনি বলেন, ‘Technology connects our devices, literature connects our hearts’-প্রযুক্তি আমাদের যন্ত্রগুলোকে সংযুক্ত করে, আর সাহিত্য সংযুক্ত করে আমাদের হৃদয়কে। ক্রমবর্ধমান ডিজিটাল বিশ্বের বাস্তবতায় সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তা, সাংস্কৃতিক বোঝাপড়া এবং অর্থবহ মানবিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সাহিত্যের স্থায়ী গুরুত্বের ওপর তিনি আলোকপাত করেন।

চিন্তনের উদ্বোধনী সংখ্যায় প্রকাশিত হয়েছে ২৬টি সাহিত্যকর্ম। যার মধ্যে রয়েছে কবিতা, ফ্ল্যাশ ফিকশন, ছোটগল্প, সাহিত্যপ্রবন্ধ, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী এবং শিল্পকর্ম। এই সংখ্যায় অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, চীন, ইতালি, নিউজিল্যান্ড, পোল্যান্ড, সৌদি আরব, সাইবেরিয়া (রাশিয়া), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভিয়েতনামের লেখকদের রচনা স্থান পেয়েছে।

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক শামসী আরা হুদা, ফারুক মঈনউদ্দীন, দিলীপ গুহঠাকুরতা, রাজিবুল হোসেন এবং ফরিদুর রহমান তাদের রচনার অংশবিশেষ পাঠ করেন। সাহিত্যপাঠ পর্ব সঞ্চালনা করেন চিন্তনের প্রতিষ্ঠাতা সদস্য মনজুরুরুল ইসলাম চৌধুরী। পরবর্তীতে অধ্যাপক ড. ফকরুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠাতা লেখকদের হাতে তাদের মূল্যবান অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা সনদ তুলে দেন।

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক, শিক্ষাবিদ, প্রকাশক, সাহিত্যপ্রেমী, পাঠক এবং নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। এতে লেখক, পাঠক, ভাষা ও সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহকারী অধ্যাপক সাবরিনা ইসলাম। চিন্তনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ আবু জাফরের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন