নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয়ের পর ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় মোহাম্মদ সালাহর মুখে ছিল চওড়া হাসি। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার অনুরোধটা বিনয়ের সঙ্গে ফিরিয়ে দেন। মাঠের পারফরম্যান্স যখন কথা বলে, তখন মুখ খোলার প্রয়োজন পড়ে না। অথচ মাত্র দুই মাস আগেই লিডস ইউনাইটেডের বিপক্ষে শুরুর একাদশে না থাকায় ক্ষোভ উগরে দেন এই মিসরীয় ফরোয়ার্ড। দাবি করেন ক্লাব তাকে ‘বাসের নিচে ফেলে দিয়েছে’। সেই বিতর্কের পর জল অনেক দূর গড়িয়েছে। সালাহ ফিরেছেন স্বরূপে। কিন্তু অ্যানফিল্ডে তার ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটছে না। সেই বিস্ফোরক সাক্ষাৎকারের পর সতীর্থদের কাছে ক্ষমা চান সালাহ। হাত মেলান কোচ আর্নে স্লটের সঙ্গে। এরপর আফ্রিকান কাপ অব নেশনসে (আফকন) গিয়ে দুর্দান্ত সময় কাটান। লিভারপুলে ফেরার পর স্লটের অধীনে প্রত্যেক ম্যাচের শুরুর একাদশে থাকছেন ৩৩ বছর বয়সী এই তারকা। শুধু গোল করাই নয়, রক্ষণে নেমে দলকে সাহায্য করার জন্য সালাহর আলাদা প্রশংসা করছেন কোচ। স্লট বলেন, ‘সে গোল করছে এটা প্রত্যাশিত, কিন্তু রক্ষণেও সে যেভাবে সাহায্য করছে তা দলের জন্য দারুণ ইতিবাচক।’
সালাহ নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন যে, কয়েক ম্যাচে গোল না পেলে চারদিকে আলোচনার ঝড় ওঠে। গত নভেম্বরের পর প্রিমিয়ার লীগে এখন পর্যন্ত কোনো গোল পাননি তিনি। এবার আক্রমণে ধার কমেছে সালাহর। ধার প্রায় অর্ধেক হয়ে গেছে। গত মৌসুমে প্রতি ম্যাচে গোল ও অ্যাসিস্টের গড় ছিল ১.২৫। যা এবার নেমেছে ০.৫৬ তে। সালাহর শট নেয়ার সংখ্যা এবং প্রতিপক্ষের বক্সে আক্রমণের হারও কমেছে। তবে এতো কিছুর পরও প্রিমিয়ার লীগে বুকায়ো সাকা বা কোল পালমারদের চেয়ে সালাহর গোল কন্ট্রিবিউশন (১০টি) বেশি। কোচ স্লটের ভাষায়, ‘আমরা মো-র প্রচুর গোল দেখতে অভ্যস্ত, এটাই এখনকার পারফরম্যান্সের মূল পার্থক্য। তবে আমরা জানি সে যেকোনো সময় গোল করা শুরু করবে।’
লিভারপুলের হয়ে ২৫২ গোল করে ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি হয়ে গেছেন সালাহ। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকলেও বিবিসি স্পোর্টস জানাচ্ছে, আগামী গ্রীষ্মেই তার অ্যানফিল্ড ছাড়ার সম্ভাবনা জোরালো। লিভারপুল নিশ্চয়ই চাইবে না আগামী বছর তাকে ‘ফ্রি ট্রান্সফারে’ ছেড়ে দিতে। সৌদি আরব কিংবা যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকার (এমএলএস) হতে পারে তার পরবর্তী গন্তব্য। সালাহ ও তার পরিবার উত্তর-পশ্চিম ইংল্যান্ডের জীবনযাত্রায় অভ্যস্ত। কিন্তু ফুটবলীয় বাস্তবতায় হয়তো দীর্ঘ সাত বছরের এই সম্পর্কের ইতি ঘটার সময় চলে এসেছে। যদি এটাই লিভারপুলের জার্সিতে তার শেষ কয়েক মাস হয়, তবে সালাহ নিশ্চয়ই চাইবেন এফএ কাপ বা চ্যাম্পিয়নস লীগের কোনো ট্রফি জিতে এক রাজকীয় বিদায় নিতে। অ্যানফিল্ডের ‘মিশরীয় রাজা’র সিংহাসন ছাড়ার গল্পটা হয়তো শুরু হয়ে গেছে। আপাতত তিনি হাসছেন, খেলছেন এবং লিভারপুলকে জেতানোর স্বপ্নে বিভোর হয়ে আছেন।
জয় শেষে আলোচনায় সালাহ
স্পোর্টস ডেস্ক
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
