বর্ষণের ফাইফারে ফাইনালের আগে উজ্জ্বল বাংলাদেশ ইমার্জিং দল

বর্ষণের ফাইফারে ফাইনালের আগে উজ্জ্বল বাংলাদেশ ইমার্জিং দল

ফন্ট সাইজ:

ত্রি-দেশীয় সিরিজের লীগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৮ উইকেটে হারালো বাংলাদেশ ইমার্জিং দল। বাংলাদেশের হয়ে ৫ উইকেট তুলে ম্যাচসেরা পেসার রহনতদৌলা বর্ষণ। ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শাহাদাত হোসেন দিপু এবং মাহফিজুল ইসলাম রবিন। এই জয়ে ফাইনালের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে রাখলো বাংলাদেশ ইমার্জিং দল। আগামী ১২ই আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারো মুখোমুখি হচ্ছে এই দুই দল।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ চাপে পড়ে প্রোটিয়া ইমার্জিং। শুরু থেকেই উইকেট তুলে তাদের চাপে রাখেন টাইগার ইমার্জিং বোলাররা। জুমাকে প্রথমে বিদায় করেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। এরপর ৫০ বলে ২৫ রান করা জেপি কিংকে ফিরিয়ে দেন আবু হাশিম। এরপর শুরু হয় বর্ষণের ঝড়।

একের পর এক উইকেট তুলে প্রোটিয়াদের ইনিংসের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। ১০ বলে শূন্য রান করা অঙ্কগোমোডিটসে সেলেটসওয়ানেকে ফেরানোর পর গোল্ডেন ডাকে বিদায় করেন ড্যানিয়েল স্মিথ ও পিরিকে। এই তিন উইকেট তুলেই প্রতিপক্ষের ইনিংসের অর্ধেক গুঁড়িয়ে দেন বর্ষণ। সেই ধাক্কা সামলে আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মাইকেল ভ্যান বুরেন, চাপের মুখে হাঁকান দারুণ এক ফিফটি-১০৬ বলে খেলেন ৭৩ রানের ইনিংস। শ্লাল্ক এঙ্গেলব্রেক করেন ৫৮ বলে ৪৫ রান। শেষ পর্যন্ত ৪৪ ওভারে ১৬৯ রানে থামে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ইনিংস। বাংলাদেশের হয়ে ৫ উইকেট নেন বর্ষণ, ২টি নেন আমিনুল ইসলাম বিপ্লব, আর ১টি করে উইকেট পান রিজওয়ান, সামিউন বশির রাতুল ও আবু হাশিম। জবাব দিতে নেমে মাহফিজুল ইসলাম রবিন ও জাকির হাসান মিলে বাংলাদেশ ইমার্জিং দলকে এনে দেন দারুণ শুরু।

উইকেটের চারপাশে দারুণ সব শট খেলেন জাকির। তবে ২৪ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ২৬ বলে ২০ রান করে বিদায় নেন তিনি। তিনে নেমে রবিনের সঙ্গে দেন শাহাদাত হোসেন দিপু। ফর্মে থাকা দিপু শুরু থেকেই খেলেন সাবলীল ব্যাটিং, ঠান্ডা মাথায় বের করেন রান। অন্য প্রান্তে দারুণ ছন্দে ছিলেন রবিনও। দু’জনের কার্যকরী জুটিতে এগোতে থাকে বাংলাদেশের ইনিংস, পড়েনি কোনো উইকেট। ফিফটি তুলে নেন দু’জনই। ১০০ বলে ৬১ রানের ঝলমলে ইনিংস খেলে ফেরেন রবিন। এরপর দিপুর সঙ্গী হন ইফতিখার হোসেন ইফতি। শেষ পর্যন্ত ৬৯ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ ইমার্জিং দল। ৯০ বলে অপরাজিত ৭২ রান করেন দিপু, ইফতি অপরাজিত থাকেন ১৫ বলে ৮ রানে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন