ভারতের ফুটবল সংকট

ব্রাজিলের গ্ল্যামার নাকি আসিয়ান কাপের লড়াই

ফন্ট সাইজ:

ভারতীয় ফুটবলে এখন এক অদ্ভুত পরিবর্তনের হাওয়া বইছে। কড়া সমালোচনার দিন পেছনে ফেলে ভারত এখন এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে একটিমাত্র ফিফা আন্তর্জাতিক উইন্ডোতেই চার থেকে পাঁচটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। তবে এই প্রাচুর্যই জন্ম দিয়েছে নতুন এক জটিলতার- কোন ফুটবলটি দেশের জন্য বেশি গুরুত্বপূর্ণ? আগামী ২৪শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পেয়েছে ভারত। গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ- স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। অন্যদিকে, ভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ঘোষণা করেছে যে, একই সময়ে ৩রা অক্টোবর কলকাতায় প্রীতি ম্যাচে শক্তিশালী ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

একই সময়ে দু’টি ভিন্ন খেলা পড়ায় দল ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। আর তাতেই সামনে এসেছে বড় প্রশ্ন- ভারতের অগ্রাধিকার কি ব্রাজিলের বিরুদ্ধে গ্ল্যামার ম্যাচ, নাকি আসিয়ান কাপের প্রতিযোগিতামূলক লড়াই? বেশির ভাগ সাবেক কোচ ও ফুটবল ব্যক্তিত্ব আসিয়ান কাপকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাবেক এফসি পুনে সিটি কোচ প্রদ্যুম রেড্ডি বলেন, ‘ব্রাজিল ম্যাচটি স্রেফ অর্থহীন এক প্রদর্শনী। অন্যদিকে, আসিয়ান কাপ আমাদের এশিয়ার মধ্যম সারির দলগুলোর বিরুদ্ধে খেলার দারুণ সুযোগ দিচ্ছে।’ আই-লীগজয়ী কোচ সঞ্জয় সেনও একই সুরে কথা বলেছেন। তার মতে, ‘ব্রাজিল ম্যাচ থেকে কী অর্জন হবে? আমাদের অগ্রাধিকার হওয়া উচিত আসিয়ান কাপ। ইন্দোনেশিয়ার মতো দলের বিরুদ্ধে জিততে পারলে তবেই ভারতীয় ফুটবলের আসল উন্নতি বোঝা যাবে।’ সাবেক ভারতীয় ডিফেন্ডার মেহরাজউদ্দিন ওয়াদুদও শতভাগ আসিয়ান কাপের পক্ষেই মত দিয়েছেন। তার ভাষায়, ‘ব্রাজিল ম্যাচটি ভক্তদের জন্য দারুণ হতে পারে।

তবে ফুটবলীয় উন্নতির কথা চিন্তা করলে আমাদের ফোকাস ব্রাজিলে থাকা উচিত নয়।’ তবে ভিন্ন মতও রয়েছে। ভারতীয় অ্যারোজের সাবেক কোচ ফ্লয়েড পিন্টোর মতে, ভিনিসিয়ুস জুনিয়রদের বিপক্ষে খেলার এই সুযোগ ‘জীবনের সেরা প্রাপ্তি’ হতে পারে।
এদিকে, গভীরতার সংকটের কথা তুলে ধরেছেন এআইএফএফের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জি প্রভাকরণ। ফিফা আয়োজিত টুর্নামেন্টে মূল দল পাঠানো বাধ্যতামূলক হওয়ায় দুই জায়গায় সমান শক্তির দল নামানো কঠিন হবে বলে মনে করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন