মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম মোহাম্মদ তারা মিয়া (২০)। নিহত মুরইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
৪৬ বিজিবি সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ৩টা ৩৫ মিনিটে পৃথিমপাশা ইউনিয়ন সীমান্ত এলাকা পেরিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে মাগুরুলী এলাকায় ৪-৫ জন বাংলাদেশি প্রবেশ করেন। এ সময় মাগুরুলী ক্যাম্পের বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তারা মিয়া নিহত হন। 

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহত ওই যুবক দীর্ঘদিন ধরে অবৈধ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা রয়েছে। ঘটনার পর বাকি ব্যক্তিরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। বর্তমানে তারা আত্মগোপনে রয়েছেন।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন