নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের একটি ডোবা থেকে নাদিয়া সুলতানা (২) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রাম থেকে নাদিয়ার মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত নাদিয়া দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিন হাজী বাড়ির সৌদি প্রবাসী নাহিদ হাছানের মেয়ে। স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাড়ির আঙিনা থেকে নিখোঁজ হয় নাদিয়া। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে এ ঘটনায় তারা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা সোনাইমুড়ী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নাদিয়ার মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সোনাইমুড়ীতে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
