বরিশালে বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন স্থগিত

ফন্ট সাইজ:

আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছেন বরিশালের বিএনপিপন্থি আইনজীবীরা। বরিশাল আইনজীবী সমিতিও তাদের কর্মসূচি স্থগিত করেছে। রোববার থেকে আদালতের কার্যক্রম পুরোদমে চলবে। তবে একটি সূত্র দাবি করেছে, সমঝোতার শর্ত হিসেবে আইনজীবীরা প্রথমে তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে আদালত বর্জন কর্মসূচি স্থগিতের কথা জানায় বরিশাল জেলা আইনজীবী সমিতি। এ ছাড়া, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামও তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। এর আগে, গত সোমবার বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনূসের জামিন আদেশ ঘিরে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়। মঙ্গলবার বিচারকের উপস্থিতিতেই এজলাসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে বিএনপিপন্থি আইনজীবীদের বিরুদ্ধে। ওই ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতিসহ অন্তত ২০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়। মামলায় সমিতির সভাপতি এস এম সাদিকুর রহমান লিংকন বর্তমানে কারাগারে রয়েছেন। ওই ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতার জামিন বাতিল, সংশ্লিষ্ট বিচারকের অপসারণ এবং সমিতির সভাপতি লিংকনের মুক্তির দাবিতে টানা তিনদিন আদালত বর্জন কর্মসূচি পালন করেন বিএনপিপন্থি আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির সম্পাদক মির্জা মো. রিয়াজ হোসেন বলেন, সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। সে কারণেই আদালতের স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে সব আইনজীবীকে আদালতের কাজে সহযোগিতার আহ্বান জানানো হয়। আইনজীবী সমিতির এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিট। পৃথক বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ও সদস্য সচিব আবুল কালাম আজাদ ইমন এক যৌথ বিবৃতিতে জানান, পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আদালত বর্জনের কর্মসূচি স্থগিত থাকবে। একইসঙ্গে সংগঠনের সব সদস্যকে বরিশালের সব আদালতের কার্যক্রমে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন