হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর বাঁধ সংলগ্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে জমি ভরাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কিছুদিন ধরে নদীর বাঁধের পাশ থেকে মাটি উত্তোলন করে পতিত জমি ভরাট করা হচ্ছে, যা নদীর বাঁধ ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি করছে। স্থানীয় সূত্রে জানা যায়, চরহামুয়া এলাকায় খোয়াই নদীর তীর ও বাঁধ সংলগ্ন জায়গা থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। পরে ওই মাটি দিয়ে ব?্যক্তিগত জমি ভরাট করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এতে করে বাঁধের পাশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং নদী ভাঙনের আশঙ্কা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা জানান, দিনের পাশাপাশি রাতেও মাটি কাটার কার্যক্রম চলে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করতে গেলে প্রভাবশালীদের ভয়ভীতি ও চাপের মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন তারা। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে অবৈধভাবে মাটি কাটতে থাকলে বর্ষা মৌসুমে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বন্যা ও প্লাবনের ঝুঁকি বাড়তে পারে। এ বিষয়ে পরিবেশ সচেতন মহল বলছে, নদীর তীর, চর ও বাঁধ সংলগ্ন এলাকা থেকে অনিয়ন্ত্রিতভাবে মাটি উত্তোলন নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙন ঝুঁকি বৃদ্ধি করতে পারে। পূর্বেও খোয়াই নদীর বিভিন্ন স্থানে বাঁধের পাশে মাটি কাটা ও বিক্রির কারণে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা এবং নদীর বাঁধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি। এদিকে, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নদীর বাঁধের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটছে প্রভাবশালী মহল
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
১ মার্চ (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
