সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

সংযুক্ত আরব আমিরাতের জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

ফন্ট সাইজ:

সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালি অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির জাহাজে এই হামলা চালানো হয়। এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা ঘটনাটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শর্তের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দেয়। আমিরাত জানায়, বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হরমুজ প্রণালিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান।

তাদের মতে, এটি ইরানি রেভ্যুলেশনারি গার্ডের জলদস্যুতার শামিল। এই ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। কাতারও এই ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করে। কাতার জানায়, আন্তর্জাতিক জলপথে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করা যাবে না। কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানায় তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন