গাজীপুরে শিক্ষার্থীসহ দু’জনের আগুনে পোড়া মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত এক ব্যক্তি ও সদর উপজেলায় মাদ্রাসা শিক্ষার্থীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকা থেকে আনুমানিক ২০ বছর বয়সী অজ্ঞাত যুবক ও দুপুরে সদর উপজেলার ভবানীপুর এলাকা থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মাদ্রাসা শিক্ষার্থী মাহাবুর ইসলাম রনি (১৪) ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দৌলতপুর গ্রামের সোহাগ মিয়ার ছেলে। রনি তার পরিবারের সঙ্গে ভবানীপুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাদ্রাসা পড়ালেখা করতো। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল। এ বিষয়ে জয়দেবপুর থানার ওসি জানান, গত শুক্রবার রাত ৯টার পর থেকে রনি নিখোঁজ ছিল। তার স্বজনরা রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। সকালে স্থানীয়রা ভবানীপুরে আগুনে পোড়া মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তার পরিবার গিয়ে মরদেহ শনাক্ত করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায় অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ জানান- ঘটনাস্থল থেকে আগুনে পোড়া মরদেহটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, যুবককে হত্যার পর মরদেহ গুম করতেই নির্জন গজারি বনের পাশে এনে তার মরদেহ পুড়িয়ে দেয়া হয়েছে। ওসি আরও বলেন, মরদেহের পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শনের কাজ করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন