সুনামগঞ্জের দিরাই পৌর এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশ অনুযায়ী, দিরাই পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার, থানা পয়েন্ট, দিরাই বাজার, দিরাই কলেজ রোড এবং তৎসংলগ্ন এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় ওইসব এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন এবং পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান বা চলাফেরাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জীব সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন তিনি।
