ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মো. আশরাফুল ইসলাম (২০) নামের এক ভুয়া পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ অভিযানে গতকাল সকালে তাকে সদর উপজেলার কুট্টাপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে পুলিশের ভুয়া আইডি ও বডিঅন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। আশরাফুল নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল। এর আগে, গত বৃহস্পতিবারের অভিযানে পুলিশ ৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছেন। পুলিশ জানায়, আশরাফুল ইসলাম নরসিংদী জেলার বেলাবো উপজেলার আমলাবো ইউনিয়নের রাজারবাগ (পশ্চিম পাড়ার) এলাকার বাসিন্দা। তিনি সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। আশরাফুল নিজেকে পুলিশের একজন সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয় দিয়ে সরাইলসহ দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসার অভিযোগ রয়েছে।
গতকাল কুট্টাপাড়া এলাকায় মাদক সেবনকালে আশরাফুলকে গ্রেপ্তার করে সরাইল থানা পুলিশ। গ্রেপ্তারের পর সে নিজেকে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয় দিয়ে একটি আইডি কার্ড প্রদর্শন করে। এতে সন্দেহ হওয়ায় আশরাফুলকে চ্যালেঞ্জ করে পুলিশ। চ্যালেঞ্জে আশরাফুল ভুয়া পুলিশ সদস্য প্রমাণিত হলে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ তার কাছ থেকে নিজের নাম সম্বলিত পুলিশের একটি ভুয়া আইডি কার্ড ও একটি বডিঅন ক্যামেরা উদ্ধার করেছেন। আইডি কার্ডে ভুয়া বিপি নম্বরও লেখা রয়েছে। আশরাফুলের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা হয়েছে। ওদিকে, গত বৃহস্পতিবার বিকালে এক অভিযানে তিন কেজি গাঁজাসহ কুট্টাপাড়া এলাকা থেকে মো. সোহাগ মিয়া (২৭) ও জান্নাত বেগম (১৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
সোহাগ মিয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর ইউনিয়নের কড়ই গাছতলা এলাকার বাসিন্দা। সোহাগ জেলার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
আর জান্নাত বেগম বিজয়নগর উপজেলার মেরাশানী (খাঁবাড়ি) এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে সরাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ভুয়া পুলিশ অফিসারসহ তিন অপরাধীকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
