রামগতিতে ডাকাতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

রামগতিতে ডাকাতি, চাঁদাবাজি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার দুর্গম বয়ারচর এলাকায় কথিত সন্ত্র্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। শুক্রবার সকাল ১০টার দিকে চরগাজী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বয়ারচরের আইয়ুব আলী সমাজ এলাকায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। টানা বৃষ্টির মধ্যেও নারী, পুরুষ ও শিশুসহ বিপুলসংখ্যক মানুষ মানববন্ধন ও বিক্ষোভ-মিছিলে অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বয়ারচর এলাকায় দীর্ঘদিন ধরে বাদশা নামে এক ব্যক্তির নেতৃত্বে চাঁদাবাজি, চুরি, ডাকাতি, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে।

এসব ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। তারা অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় ফরিদ, ওয়ারেছ মাঝি, মনির হোসেন, হাসিম, মাওলানা ফারুক, লিটন, মাকছুদুর রহমান, নাছিমা বেগম ও কহিনুর বেগম। বক্তারা আরও অভিযোগ করে বলেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় মাদক ব্যবসাসহ নানা অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাদের দাবি, সুবর্ণচরের একটি ডাকাত চক্রের ছত্রছায়ায় থেকে তিনি এলাকায় প্রভাব বিস্তার করছেন, যার কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছেন। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বাদশা সব অভিযোগ অস্বীকার করেন।

তিনি বলেন, একটি পক্ষ এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে তার বিরুদ্ধে উদ্দেশ্য-প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ এনে মানববন্ধনের আয়োজন করেছে। উত্থাপিত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন। এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, বয়ারচর এলাকায় বিভিন্ন সশস্ত্র ডাকাত চক্রের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন