‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয়যাত্রা আরও বেগবান হবে’

‘তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের বিজয়যাত্রা আরও বেগবান হবে’

ফন্ট সাইজ:

গণতন্ত্রের ঐতিহাসিক প্রত্যাবর্তনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা হাইস্কুল সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে গোলাকান্দাইল পর্যন্ত অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের এমপি ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু)। এতে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‌্যালির আগে ভূলতা হাইস্কুল সংলগ্ন মহাসড়কে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, গত ১৭ বছর দেশের মানুষ গণতন্ত্রহীন পরিবেশে নানাভাবে বঞ্চিত ছিল। জনগণের মতপ্রকাশের স্বাধীনতা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক অধিকার বারবার বাধাগ্রস্ত হয়েছে। জনগণের আন্দোলন সংগ্রামের মধ্যদিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছে। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ নতুন আশার আলো দেখছে। গণতন্ত্র, আইনের শাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, ব্যক্তি নয়, জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি। জনগণকে সঙ্গে নিয়েই একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করে যাচ্ছে। পরে বিজয় র‌্যালিটি ঢাকা-সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে গোলাকান্দাইল এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন