বন্দরে গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার সকালে কুড়িপাড়া চাপাতলী এলাকায় সেলিম মিয়ার টিনশেড ভাড়া বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন- মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) এবং মারুফ (৮) বছরের শিশুসন্তান। স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
তাদের মধ্যে মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ঘটনাটি সম্পর্কে তারা তথ্য সংগ্রহ করছেন। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে বলেও তিনি জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের সূত্রপাত হয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
