চট্টগ্রাম নগরে পৃথক দুই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। একই রাতে সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন আরও একজন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহীন (২২), ইমন (২২) ও অনিক (২১) গুরুতর আহত হন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও ইমনকে মৃত ঘোষণা করেন। আহত অনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত শাহীনের বাবার নাম আবু সিদ্দিক।
তাদের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র্যাব-৭ গলিতে। অপর নিহত ইমনের বাবার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহত দুই যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। অন্যদিকে, একইদিন সন্ধ্যায় নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির আব্দুল সালাম মসজিদের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহীন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হন। স্থানীয়দের দাবি, নিহত শাহীন পশ্চিম মাদারবাড়ির ইয়াসিন গলির বাসিন্দা এবং তিনি খুচরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তিও মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, ছুরিকাঘাতে আহত অবস্থায় শাহীনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
