সিলেটের জকিগঞ্জে ডাকাত দলের সশস্ত্র আক্রমণে জকিগঞ্জ থানা পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এসআই) মুর্শেদ আলম গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ডাকাত দলের দুই সদস্যকে পিকআপসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে জকিগঞ্জের জকিগঞ্জ-কালীগঞ্জ ও কেরাইয়া রোডে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মানিকপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাতির প্রস্তুতি নিয়েছিল সশস্ত্র ডাকাত দল। বিষয়টি স্থানীয়রা ও জকিগঞ্জ থানা পুলিশ আগেই টের পেয়ে যান।
পরে কেরাইয়া সড়কে জকিগঞ্জ থানার এসআই আব্দুল্লাহ আল মোমেন ও এসআই মুর্শেদ আলম ডাকাত দলের ব্যবহৃত পিকআপ ভ্যান গাড়িকে আটকানোর সিগন্যাল দিলে ডাকাত দল বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তাদের অতিক্রম করে। পরে দুই পুলিশ সদস্যও তাদের গাড়ির পেছনে ধাওয়া করেন। একপর্যায়ে ফিল্মি স্টাইলে লাফ দিয়ে ডাকাত দলের গাড়িতে উঠে পড়েন এসআই মুর্শেদ।
এ সময় গাড়িতেই তার ওপর সশস্ত্র হামলা চালায় ডাকাতরা। পরে গুরুতর আহত হয়ে গাড়ি থেকে রাস্তায় পড়ে যান মুর্শেদ। পেছনে থাকা এসআই মোমেন আহত মুর্শেদকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। পরে ডাকাত দলের দুই সদস্যসহ তাদের ব্যবহৃত পিকআপ গাড়ি আটক করা হয়। তবে অন্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃত ডাকাতরা হলো- জকিগঞ্জ উপজেলার বাহারপুর গ্রামের দিদার আহমদ ও একই ইউনিয়নের মারুফ আহমদ। এদিকে, গুরুতর আহত জকিগঞ্জ থানার সাহসী এসআই মুর্শেদ আলমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেলে রেফার করা হয়েছে।
