কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ ইয়াসিন আরাফাত (৩০) নামে এক স্থানীয় যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, সকালে বন্ধুদের সঙ্গে ইয়াসিন সমুদ্রে গোসল করতে নামেন। একপর্যায়ে তীব্র ঢেউয়ের স্রোতে তিনি ভেসে যেতে থাকেন। বন্ধুদের চিৎকার শুনে দায়িত্বরত লাইফগার্ড সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। পরে গুরুতর অবস্থায় ইয়াসিনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
