উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক নারীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তার শরীরের ভেতর থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক নারী শাকিলা খাতুন (২৩)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুর সদর থানার আমবাগ, বাঘিয়া, নীলনগর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. সাইদুর ইসলাম।
৮ এপিবিএন সূত্র জানায়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের একটি শেডে অভিযান চালানো হয়। এ সময় শাকিলা খাতুনকে আটক করা হয়। প্রাথমিক তল্লাশিতে তার কাছে থাকা ২০টি পলিথিন মোড়ানো প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে শাকিলা আরও কয়েকটি ইয়াবার প্যাকেট গিলে ফেলেছেন বলে স্বীকার করেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে এক্স-রে পরীক্ষায় তার শরীরের ভেতরে আরও প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হয়।
চিকিৎসকদের তত্ত্বাবধানে শরীর থেকে আরও ৬২টি প্যাকেট বের করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ছিল। সব মিলিয়ে ৮২টি প্যাকেটে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এপিবিএন জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি ইয়াবা পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা- সে বিষয়েও তদন্ত চলছে। পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করছে। এ ঘটনাও তার একটি উদাহরণ।
