মাগুরায় বিদুৎস্পৃষ্ট হয়ে মো. ইব্রাহিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শহরের স্টেডিয়ামপাড়ায় তাবলীগে এসে আদর্শ পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ছাদে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইব্রাহিম মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী মধ্যপাড়া কাজীবাড়ি মসজিদের মোয়াজ্জেম ছিলেন। তিনি তাবলীগ জামাতের কার্যক্রমে অংশ নিতে স্টেডিয়াম পাড়ায় অবস্থান করছিলেন।
জানা গেছে, গরমের জন্য তিনি মসজিদের ছাদে ওঠেন। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাগুরা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাবলীগের এক সদস্যের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
