ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বাবার মৃত্যু

ছেলেকে বাঁচাতে পুকুরে ঝাঁপ, ছেঁড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে বাবার মৃত্যু

ফন্ট সাইজ:

জয়পুরহাটের কালাইয়ে পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে বিপদে পড়ায় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ১১ বছর বয়সী ছেলে রাসেলও গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের ইটাতলা গ্রামের শালুকগাড়ী পুকুরে এ ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন ওই গ্রামের জপো উদ্দিনের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে পুকুরের পানি কমানোর জন্য বাড়ি থেকে বিদ্যুতের সংযোগ নিয়ে বরেন্দ্র পাম্প স্থাপন করেন জামাল উদ্দিন। রাতভর পাম্প চালানোর পর শুক্রবার সকালে পুকুরের পানি কিছুটা কমে আসে। এরপর তার ছেলে রাসেল পাম্পের বিদ্যুৎ সংযোগ খুলে দেয়ার জন্য পুকুরে নামে। এ সময় পুকুরে নামার পর হঠাৎ রাসেল চিৎকার করে বাবাকে ডাকতে থাকে।

ছেলের বিপদের কথা শুনে পুকুরপাড়ে থাকা জামাল উদ্দিন তাকে উদ্ধারের জন্য কোনো কিছু না ভেবেই পানিতে ঝাঁপ দেন। এ সময় পুকুরের পানিতে থাকা বরেন্দ্র পাম্পের ছেঁড়া ও ফাটা বৈদ্যুতিক তারে জড়িয়ে দু’জনই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক জামাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাসেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য নুরনবী সরকার বলেন, জামাল উদ্দিন খুবই ভালো মানুষ ছিলেন। ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন হারিয়েছেন। পরিবারটি যেন প্রয়োজনীয় সহায়তা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের এগিয়ে আসা উচিত। কালাই থানার ওসি (তদন্ত) দিপেন্দ্রনাথ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন