গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নদী ও ডোবার পানি থেকে শিশুসহ দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উপজেলার ইদিলপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার নলেয়া নদী ও চান্দের বাজার এলাকার ডোবা থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফ জাহান (ঝাউলার বাজার) নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে ইউনুস আলী (৪৫) ও দামোদরপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় গ্রামের মোজাম্মেল মণ্ডলের ছেলে রিয়াজুল মণ্ডল (১১)। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরের দিকে ইউনুস আলী নলেয়া নদীতে মাছ ধরতে যান।
এরপর বাড়িতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে শুক্রবার তারা এসে নদীতে উদ্ধার তৎপরতা চালায় এবং মরদেহ নদী থেকে উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে বৃহস্পতিবার রিয়াজুল ইসলামের মা তার ছেলের প্রতিবন্ধী ভাতার টাকা উত্তোলনের জন্য স্থানীয় চান্দের বাজার বিকাশের দোকানে যান। এরপর বাড়িতে ফিরে রিয়াজুলকে না পেয়ে খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। একপর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, উত্তর ভাঙ্গামোড় এলাকায় পানি পড়ে এক শিশুর মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক। সাদুল্লাপুর থানার ওসি বলেন, নদীতে নিখোঁজের খবর পেয়ে ডুবুরি দলের সহায়তায় ইউনুস আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
