নীলফামারীর সৈয়দপুরে সন্তান প্রসবের মাত্র কয়েক ঘণ্টা পর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে দৃঢ় মনোবলের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক পরীক্ষার্থী। গত বৃহস্পতিবার সকালে পুত্রসন্তানের জন্ম দেয়ার পর দুপুরে সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অংশ নেন আনাবিউল উম্মি। বর্তমানে মা ও নবজাতক দু’জনই সুস্থ রয়েছে। আনাবিউল উম্মির শ্বশুরবাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে। তিনি শহরের কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। পারিবারিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মানবিক বিভাগের সমাজবিজ্ঞান পরীক্ষা থাকায় সকাল থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন আনাবিউল। এ সময় হঠাৎ প্রসব বেদনা শুরু হলে স্বজনরা তাকে ভ্যানে করে সৈয়দপুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল সাড়ে ১০টার দিকে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।
সন্তান জন্মের প্রায় তিন ঘণ্টা পর, দুপুর দেড়টার দিকে নবজাতক ও স্বজনদের সঙ্গে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে পৌঁছান তিনি। এরপর দুপুর ২টায় নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নেন। আনাবিউল উম্মি জানান, তার পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা শেষে নবজাতককে নিয়ে তিনি বাড়ি ফিরে যান। আনাবিউলের বাবা আজহার আলী বলেন, সন্তান প্রসবের পর আমরা পরিবারের সবাই তাকে এবার পরীক্ষা না দিতে বলেছিলাম।
কিন্তু সে এক বছর নষ্ট করতে রাজি হয়নি। তার দৃঢ় মানসিক শক্তির কারণেই প্রসবের কয়েক ঘণ্টা পরও পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষা কেন্দ্রের সচিব ও সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাহীদ সাহাব বলেন, পরীক্ষা শুরুর আগেই পরিবারের সদস্যরা বিষয়টি আমাদের জানান। আমরা তার জন্য প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণ করি। আনাবিউল একজন সচেতন ও পরিশ্রমী ছাত্রী। পরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মা ও নবজাতককে উপহার দেয়া হয়েছে।
