আনোয়ারায় ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা

আনোয়ারায় ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগে মামলা

ফন্ট সাইজ:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইলিয়াছ কাঞ্চন রুবেলের বিরুদ্ধে চাঁদা দাবি ও দুই লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে মামলাটি দায়ের করেন। মামলার বাদী উপজেলার স্থানীয় বাসিন্দা মো. ওমর। আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশনা দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দা মো. সোলায়মানের নির্মাণাধীন ভবনের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি এবং পাইপলাইন স্থাপনে বাধা দেয়ার অভিযোগ রয়েছে অভিযুক্ত ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনার জেরে গত ২৪শে জুলাই বাদীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এজাহার অনুযায়ী, পরে ২৮শে জুলাই প্রতিবেশীর কাছ থেকে ধার করা দুই লাখ টাকা নিয়ে যাওয়ার সময় অভিযুক্ত ইউপি সদস্য ও তার সহযোগীরা বাদীর পথরোধ করে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেন। বাদীর অভিযোগ, অভিযুক্ত বিভিন্ন সময় রাজনৈতিক নেতাদের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজেকে প্রভাবশালী হিসেবে উপস্থাপন করেন।

সেই প্রভাব কাজে লাগিয়ে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নাজিম উদ্দীন বলেন, অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে আদালত তদন্তের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আদালতের নির্দেশনার বিষয়টি এখনো থানায় পৌঁছায়নি। নির্দেশনা হাতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন