নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি, লাগলো সহযোগীর বুকে

নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি, লাগলো সহযোগীর বুকে

ফন্ট সাইজ:

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে জেলা বিএনপি’র সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেম (৬০) কে লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)। গত বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটে এ ঘটনা ঘটে। তবে পুলিশ ও ভুক্তভোগী তাৎক্ষণিক ঘটনার কোনো কারণ জানাতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আবুল কাশেম রাজনীতির পাশাপাশি চৌমুহনী বাজারের নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাতে তিনি বাজারে হকার্স মার্কেটের অফিসে বসেন। এরপর রাত পৌনে ১২টার দিকে তিনি তার সহযোগী সেন্টু সহ অফিস থেকে বের হয়ে যান। একপর্যায়ে তারা দু’জন হাঁটতে হাঁটতে মার্কেটের মূল গলির ওবায়দুলের চা’য়ের দোকানের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আবুল কাশেমের হাতে গুলির আঁচড় লেগে সেন্টুর বুকের বাম পাশে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা সেন্টুকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, পুলিশ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চালাচ্ছে। যোগাযোগ করা হলে নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিএনপি নেতা কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তা লক্ষ্যভ্রষ্ট হয়ে সহযোগীর বুকে লাগে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন