নেত্রকোণায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

নেত্রকোণায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোণা সদরের এক স্কুলছাত্রী (১৩)কে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত বৃহস্পতিবার রাতে র‌্যাব-১৪-এর একটি দল ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ময়মনসিংহ র‌্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রিপনের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গৌরীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, গত ১লা আগস্ট সন্ধ্যায় ওই স্কুলছাত্রী নিজ বাড়ির উঠানে রান্না করছিল। সে সময় তার বাবা-মা কাজের প্রয়োজনে বাইরে ছিলেন।

এই সুযোগে রিপন তাকে জোরপূর্বক পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন পালিয়ে যান। পরবর্তীকালে মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রিপনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন রিপন। এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে গত সোমবার রাতে স্থানীয় একটি বাজারে স্থানীয় বিএনপি কার্যালয়ে একটি সালিশ বৈঠক বসে।

সেখানে রিপনকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেয়া হয়। সালিশ বৈঠকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশ জুড়ে চরম সমালোচনা ও আলোড়নের সৃষ্টি হয়। নেত্রকোণা মডেল থানার কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মিহির রঞ্জন দেব জানান, র‌্যাব রিপনকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। তাকে নেত্রকোণায় নিয়ে আসার জন্য পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন