গাজীপুরের শ্রীপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। গতকাল দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোসিংগা ইউনিয়নের পাঁচুলটিয়া (মোল্লাবাড়ি) গ্রামের আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। তার এক ছেলে ও তিন মেয়ের স্বামী সৌদি প্রবাসী হওয়ায় ওইসব স্বর্ণালংকার ও টাকাসহ মূল্যবান মালামাল কৃষকের বাড়িতেই রাখা হতো। ডাকাতিতে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারপূর্বক লুণ্ঠিত স্বর্ণালংকার, টাকা ও মূল্যবান মালামাল উদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দারা পুলিশ প্রশাসনের প্রতি দাবি করেন। কৃষকের স্ত্রী সুরাইয়া বেগম বলেন, রাত ২টার দিকে হঠাৎ ঘরের বাইরে থেকে বিকট শব্দ শুনতে পাই। ঘরের দরজা ঢেঁকি দিয়ে ভেঙে মুখোশ পরিহিত চার ডাকাত ঘরে প্রবেশ করে।
ডাকাতরা দা ও ছুরি দিয়ে ভয় দেখিয়ে স্বামী ও আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে। পরে ডাকাতরা ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ টাকা ও মুঠোফোনসহ মূল্যবান কাপড়-চোপড় লুটে নেয়। খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আব্দুস সামাদ মোল্লা বলেন, শুক্রবার পাশের বাড়িতে একটি বিয়ের দাওয়াতে অংশগ্রহণ করার জন্য তার তিন মেয়ে তাদের ছেলে-মেয়েদের নিয়ে আমার বাড়িতে গত দুইদিন আগে বেড়াতে আসে।
সৌদি প্রবাসী আকরাম হোসেনের স্ত্রী কৃষকের মেয়ে মুক্তা বেগমের সাত ভরি স্বর্ণ, অপর মেয়ে সাদিয়া আক্তারের সাত ভরি স্বর্ণ, ছোট মেয়ে সাথী আক্তারের তিন ভরি স্বর্ণালংকার এবং নগদ এক লাখ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন মুঠোফোনসহ মূল্যবান মালামাল লুটে নেয়। লুটে নেয়া ১৭ ভরি স্বর্ণের বর্তমান বাজার মূল্যে প্রায় ৩৮ লাখ টাকা। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সকাল ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখতে পাই সামাদ মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
