ব্রহ্মপুত্রের স্রোতে নিখোঁজ হওয়ার তিনদিন পর মিললো কৃষক সাইফুল ইসলামের (৫৫) মরদেহ। গত দুইদিন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযানেও সন্ধান মেলেনি সাইফুলের। পরে গত বৃহস্পতিবার বিকালে সরকারি উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে দেয় ফায়ার সার্ভিস। তবে স্বজনরা হাল ছাড়েননি। শুক্রবার সকালে স্থানীয়রা ট্রলারে করে নদীতে সাইফুলের সন্ধানে বের হয়ে যায়। দীর্ঘ অনুসন্ধানের পর গফরগাঁও উপজেলার ব্রহ্মপুত্র নদে ব্রিজ সংলগ্ন হোসেনপুর এলাকায় একটি ড্রেজার মেশিনের পাইপে আটকে থাকা অবস্থায় সাইফুলের মরদেহ দেখতে পায়। সাইফুল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর আড়াইটার দিকে উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন উদ্ধারের জন্য পানিতে নামেন সাইফুল। পাটাতন উদ্ধারের চেষ্টা করার সময় মুহূর্তের মধ্যে তীব্র স্রোত তাকে টেনে নিয়ে যায়। এরপর চোখের পলকেই নদীর পানিতে তলিয়ে যান তিনি। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, আমরা দুইদিন সর্বোচ্চ চেষ্টা করেও নিখোঁজ ব্যক্তির সন্ধান পাইনি। নদীর প্রবল স্রোতের কারণে মরদেহ অনেক দূরে ভেসে গিয়েছিল। অভিযান সমাপ্ত ঘোষণা করে আমরা আত্মীয়স্বজনদের ট্রলার নিয়ে নদীতে টহল দিতে পরামর্শ দিয়েছিলাম।
