বাড়ি ফেরা হলো না রাসেলের

ফন্ট সাইজ:

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া উপজেলার কাটাখালী তক্তারপুল এলাকায় বাসের ধাক্কায় মো. রাসেল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার লেমুছড়ি পাড়ার ইউপি সদস্য শেখ মোহাম্মদ নাছেরের ছেলে। রাসেলের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ফিরছিলেন রাসেল।

পথিমধ্যে তক্তারপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দূরপাল্লার ‘লাল-সবুজ পরিবহন’র একটি বাস প্রথমে একটি ভ্যান গাড়িকে ধাক্কা দেয়। এরপর ভ্যানটির পেছনে থাকা রাসেলের মোটরসাইকেলটিকেও বাসটি সজোরে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ডান পা উরু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে ইছাখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি জহির উদ্দিন জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন