সিরাজগঞ্জের তাড়াশে পাঁচদিন আগে নিখোঁজ হওয়া মিলন সেখ (৩৩) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালি নামক এলাকার একটি খালের কচুরিপানার নিচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিলন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার রাঙ্গালিয়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে ও বগুড়া শহরে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু গত ২রা আগস্ট বগুড়া শহরে সিএনজি চালিয়ে আর বাসায় ফেরেনি।
পরে পরিবারের লোকজন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা সকালে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। এরপর পুলিশ সহযোগিতায় মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্ত করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর মরদেহটি খালের ভেতর কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়েছিল।
