তারাকান্দায় ৫৪ লাখ টাকার ভারতীয় কম্বলসহ গ্রেপ্তার ৩

ফন্ট সাইজ:

ময়মনসিংহের তারাকান্দায় ৫৪ লাখ ২৩ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫২৪ পিস ভারতীয় কম্বল ও দুইটি কাভার্ডভ্যানসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি মোটরসাইকেল, কয়েকটি স্মার্টফোন ও নগদ টাকা জব্দ করা হয়। গতকাল রাতে র‌্যাব-১৪-এর সিপিসি-৩ (আকুয়া বাইপাস) ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ সদর উপজেলার রাজাকপুর গ্রামের মো. জেমস (৩৩), ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. ইব্রাহিম খন্দকার (৩০) এবং কোতোয়ালি থানার ভাস্করহাটি এলাকার সাদ্দাম হোসেন (৩৩)। এ ঘটনায় জড়িত মো. রিপন (৩৮) নামে আরও একজন পলাতক রয়েছেন। র‌্যাব জানায়, গোপন সংবাদে তারা জানতে পারে, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র ময়মনসিংহ-হালুয়াঘাট মহাসড়ক দিয়ে ভারতীয় কম্বলের একটি বড় চালান পরিবহন করছে।

এর ভিত্তিতে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক ২টি কাভার্ডভ্যানকে থামার সংকেত দিলে চালক ও সঙ্গে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে কাভার্ডভ্যান দুটিতে তল্লাশি চালিয়ে কাগজপত্রবিহীন ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এ ছাড়া ২৫ লাখ টাকা ২টি কাভার্ডভ্যান, প্রায় ২ লাখ টাকা মূল্যের পালসার ১৬০ সিসি’র একটি মোটরসাইকেল, কয়েকটি স্মার্টফোন ও নগদ টাকা জব্দ করা হয়। র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে ভারতীয় কম্বল বাংলাদেশে এনে দেশের বিভিন্নস্থানে বিক্রি করে আসছিলেন। তারাকান্দা থানার ওসি আবদুর রাশিদ জানান, গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে তারাকান্দা থানায় মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন