ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ধর্ষণের মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার

ফন্ট সাইজ:

নেত্রকোণা সদরে এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

ময়মনসিংহ র‍্যাবের সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় রিপন মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। এরপর গৌরীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক প্রক্রিয়া শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলা সূত্রের মাধ্যমে জানা যায়, ১ আগস্ট সন্ধ্যায় ওই স্কুলছাত্রী নিজ বাড়ির উঠানে রান্না করছিল। সে সময় তার বাবা-মা কাজের প্রয়োজনে বাইরে ছিলেন। এই সুযোগে রিপন মিয়া তাকে জোরপূর্বক ধরে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে রিপন পালিয়ে যান। পরবর্তীকালে মঙ্গলবার রাতে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রিপন মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও আটজনকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় মামলা করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে ছিলেন রিপন।
এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে সোমবার রাতে স্থানীয় একটি বাজারে একটি সালিস বৈঠক বসে। সেখানে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং এলাকা ছাড়ার সিদ্ধান্ত দেওয়া হয়। সালিস বৈঠকের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চরম সমালোচনা ও আলোড়নের সৃষ্টি হয়।
নেত্রকোণা মডেল থানার কর্মকর্তা ও মামলার তদন্ত কর্মকর্তা (পরিদর্শক) মিহির রঞ্জন দেব জানান, র‍্যাব আসামি রিপন মিয়াকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে। তাকে নেত্রকোণায় নিয়ে আসার জন্য পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

SM Rafiqul Islam

১ ঘন্টা আগে

আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। আইনের শাসন নেই বলেই এই অবস্থা। কোন ফাঁকফোকর দিয়ে যেন কোন অন্যায়কারী, দুষ্কৃতিকারী, টেন্ডারবাজ,দখলবাজ, চাঁদাবাজ,ঘুষখোর বের হয়ে যেতে না পারে সে ব্যবস্থা নিতে হবে।

মন্তব্য করুন