বান্দরবানে বিভিন্ন দাবিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

বান্দরবানে বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শনিবার সকালে সংগঠনাটির জেলা কমিটির আয়োজনে সদরের একটি রেস্তরাঁয় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদে নির্বাচনের মাধ্যমে পরিষদ গঠন, আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাঙালিদের অংশগ্রহণ ও ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা, প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপন করা, নিরাপত্তার স্বার্থে ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ, সেনাক্যাম্পগুলোতে পুলিশের পরিবর্তে সেনাবাহিনী মোতায়েন, পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ ও শান্তি চুক্তি বাতিলের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইনে চেয়ারম্যান ও সদস্যরা নির্বাচন করে দায়িত্ব পালনের কথা। কিন্তু দীর্ঘ ২৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং ৩৭ বছর ধরে তিন পার্বত্য জেলা পরিষদগুলো পার্বত্য চট্টগ্রামের বিশেষ শাসন ব্যবস্থায় পরিচালিত হচ্ছে অনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দ্বারা। ফলে জেলা পরিষদগুলো হয়ে উঠেছে দুর্নীতির আখড়া। নির্বাচিত প্রতিনিধি না থাকায় পরিষদে জবাবদিহির ঘাটতি তৈরি হয়েছে। এর ফলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়ম বেড়েছে এবং সুষম উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে পাহাড়ি অঞ্চলের সাধারণ মানুষ। সশস্ত্র সন্ত্রাসীদের কারণে সাধারণ জনগণ দিনদিন আতঙ্কে বসবাস করছে। এ সময় তিনি আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রত্যাহারকৃত ২৪৬টি সেনাক্যাম্প পুনরায় স্থাপন করা, একইসঙ্গে পার্বত্য অঞ্চলের ১ হাজার ৩৬ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করার জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান। সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বান্দরবান জেলা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ, সেক্রেটারি মো.নাসির উদ্দীনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন