ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছিল লক্ষ্মীপুরে। প্রশংসিত এই পর্বটি পুনঃপ্রচার করা হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। অনুষ্ঠানে একটি গানে কণ্ঠ দিয়েছেন লক্ষ্মীপুরেরই কণ্ঠশিল্পী তানজিনা রুমা এবং ফেনীর কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল। এবারো থাকছে জেলা পরিচিতিমূলক নৃত্যগীত। কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব।
দর্শক পর্বের নিয়ম অনুযায়ী, ধারণস্থান লক্ষ্মীপুরকে ঘিরে করা প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকের মাঝখান থেকে চারজন দর্শক নির্বাচন করা হয়। দ্বিতীয় পর্বে নির্বাচিত দর্শকরা এই পর্বের অতিথি নাট্যব্যক্তিত্ব দিলারা জামানের সঙ্গে অভিনয় করেন। এবার থাকছে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি নারী, লক্ষ্মীপুরের গর্ব নিশাত মজুমদারের বিশেষ সাক্ষাৎকার। ইত্যাদি’র এবারের পর্বে রয়েছে কয়েকটি তথ্যসমৃদ্ধ ও হৃদয়ছোঁয়া প্রতিবেদন। এর মধ্যে অন্যতমÑ লক্ষ্মীপুর জেলার ইতিহাস, ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনা নিয়ে তথ্যচিত্র। জেলার প্রধান অর্থকরী ফসল সয়াবিন ও সুপারি নিয়েও ছিল আয়োজন। লক্ষ্মীপুরের রামগঞ্জ পশ্চিম আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওপর ছিল একটি উদ্দীপনামূলক প্রতিবেদন।
অনুষ্ঠানে মানবিক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মজনু মাঝিকে। বিদেশি প্রতিবেদনে দেখানো হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ফেরত সৈনিকদের তৈরি চোখধাঁধানো উপকূলীয় পথ বিশ্বের দীর্ঘতম যুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘গ্রেট ওশান রোড’। পাশাপাশি থাকছে কাশেম টিভি’র সাংবাদিক ও নাতির জমজমাট আড্ডা, চিঠিপত্র বিভাগ এবং সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে তীক্ষè ও তীর্যক নাট্যাংশ। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পুনঃপ্রচারিত হবে কেয়া কসমেটিকসের সৌজন্যে।
